কাদিয়ানিদের অর্থায়নকারী প্রাণ-আরএফএলের পণ্য বর্জনের আলেমের আহ্বান

কাদিয়ানীদের পৃষ্ঠপোষক ও অর্থায়নকারী চিহ্নিত করে প্রাণ-আরএফএল গ্রুপের উৎপাদিত যাবতীয় পণ্য বয়কটের আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১০১ আলেম।

সোমবার (৭ডিসেম্বর) গণমাধ্যমে মাওলানা মো. নাজমুল হকের পাঠানো ১০১ আলেমের বিবৃতিতে বলা হয়, ৫ ডিসেম্বর কাদিয়ানিদের প্রতিষ্ঠা শতবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরীর অংশগ্রহণের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে তারা কাদিয়ানিদের পৃষ্ঠপোষক, অর্থায়নকারী। সুতরাং তাদের মালিকানাধীন প্রাণ-আরএফএলের পণ্য মুসলমানদের বর্জন করতে হবে।

১০১ আলেমের নাম সম্বলিত সম্মিলিত বিবৃতিতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপ যে কাদিয়ানী মালিকানাধীন- তা দেশের অধিকাংশ মুসলমান জানেন না। যেহেতেু কাদিয়ানিরা শেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তাই তারা কাফের। সুতরাং কাদিয়ানীদের অর্থায়নকারী ও পৃষ্ঠপোষক হিসেবে প্রাণ-আর এফএলের পণ্য বর্জন করতে হবে।

এছাড়া তারা আরো বলেন, প্রাণ-আরএফএল-এর উৎপাদিত পণ্যের গুণগত মানও ঠিক নেই। এমনকি তা জনস্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। বেশ কিছুদিন আগে বাংলাদেশ বিএসটিআই গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদন করতে না পারায় যে ৩১ কোম্পানির বিভিন্ন পণ্যের সিএম লাইসেন্স বাতিল করে, ওই তালিকায় প্রাণের ৮টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়।

বিভিন্ন সময় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, প্রাণের কথিত কোমল পানীয়, জুস, মসলার গুণগত মান ঠিক নেই। এসব জনস্বাস্থ্যের জন্যও নিরাপদ নয়। প্রাণের কারণে বিশ্বে বাংলাদেশি পণ্য প্রশ্নবিদ্ধ। কিন্তু প্রচার-প্রসারে শীর্ষে রয়েছে কাদিয়ানীদের এ প্রতিষ্ঠান।