খতমে নবুওয়ত আকীদা
নবী রাসূলদের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তারপর নতুন করে কেউ নবী হবে না। আল কোরআন সর্বশেষ আসমানী কিতাব। এরপর আর কোন কিতাব বা ওহি নাযিল হবে না। দ্বীন ইসলাম আল্লাহর মনোনীত মুক্তির একমাত্র ধর্ম। ইসলাম ব্যতিত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা মুক্তিরপথ নয়। খতমে নবুওয়তের এই আকিদা বিশ্বাস সংরক্ষিত থাকলেই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। অন্যথায় ইসলাম কিয়ামত পর্যন্ত শাশ্বত ধর্ম হিসেবে বাকি থাকে না।

কাদিয়ানী ফেতনা
সাম্রাজ্যবাদী বৃটিশের পৃষ্ঠপোষকতায় ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (মৃত্যু ১৯০৮ইং) মুসলমানদের মাঝে বড় ধরণের ফেতনা সৃষ্টি করতে সক্ষম হয়। সে নিজেই ইমাম মাহদী, উম্মতীনবী ও স্বয়ং মুহাম্মদ হিসেবে আত্মপ্রকাশ করে। অত:পর ইসলামকে বিকৃত করে “আহমদীয়া মুসলিম জামাত” নামে একটি স্বতন্ত্র ধর্ম সৃষ্টির মাধ্যমে তাকেই প্রকৃত ইসলাম বলে চালিয়ে দেয়। নবুওয়ত দাবি, ইসলামকে বিকৃত করা ও আরও অনেকগুলো কুফরি মতবাদের কারণে কোরআন-হাদিস ও ইজমা-কিয়াস এর ভিত্তিতে গোটা পৃথিবীর সকল মুসলমানের ঐক্যমতে কাদিয়ানিরা কাফের। অথচ তারা ইহুদী খ্রিস্টানদের মদদে পৃথিবীর বিভিন্ন দেশে সহজ সরল ও দরিদ্র মুসলমানদের ঈমান হরণের ষড়যন্ত্র করে যাচ্ছে।