খতমে নবুওয়ত আকীদা কী?
‘খতমে নবুওয়ত’ ইসলামী মৌলিক আকীদা-বিশ্বাসের একটি পরিভাষা। যার অর্থ নবুওয়তের সমাপ্তি তথা আল্লাহতাআলার পক্ষ থেকে নবী-রাসূল প্রেরণের যে ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিলো, তা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। নতুন করে কেউ নবী হবে না। শরীয়তধারী কিংবা শরীয়তবিহীন কোনো প্রকারের নবুওয়ত কেউ লাভ করবে না। বরং সর্বদিক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী।
‘খতমে নবুওয়ত’ এর উপর্যুক্ত বিশ্বাসের ফলে আরও দুটি বিশ্বাস অনিবার্য হয়ে পড়ে। একটি আসমানি কিতাবের সমাপ্তি, অপরটি মুক্তি ও নাজাতের ধর্ম হিসেবে একমাত্র ইসলামই নির্দিষ্ট। সুতরাং খতমে নবুওয়তের ব্যাখ্যায় তিনটি কথা স্মরণ রাখা কর্তব্য। যথা:-
খতমে নবুওয়ত আকীদার তিন কথা
এক. নবী-রাসূলের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বশেষ নবী; তাঁর পরে নতুন কেউ (শরীয়তধারী কিংবা শরীয়তবিহীন) নবী হবে না।
দুই. আল কোরআন সর্বশেষ আসমানী কিতাব; কোরআনের পরে আর কোনো ওহী/আসমানী কিতাব নাযিল হবে না।
তিন. ইসলামই নাজাত ও মুক্তির একমাত্র ধর্ম; অন্য কোনো ধর্মে নাজাত বা মুক্তি মিলবে না।