একবার এক নবাব সাহেব এক কাদিয়ানীর নিকট মির্যা কাদিয়ানী সম্পর্কে কয়েকটি আপত্তি উত্থাপন করেন। এর একটি ছিল, মির্যা সাহেব তো রাসূল হবার দাবি করেছেন। তখন ঐ কাদিয়ানী মির্যা সাহেবের একটি কবিতা শুনিয়ে দেয়। কবিতাটি হল-

من نیستم رسول و نیاوردہ ام کتاب/ہاں ملہم استم و زخداوند منذرم

আমি রাসূল নই এবং কোনো কিতাব আনিনি। হাঁ, আমি ইলহামপ্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে মুনযির বা সতর্ককারী।

ঐ কাদিয়ানী যখন এ পশ্নোত্তরের বিবরণ মির্যা কাদিয়ানীকে শোনায় তখন মির্যা সাহেব তার মুরীদের এ উত্তরে সন্তুষ্ট হতে পারেননি। তিনি বললেন, বিষয়টি খুলে বলা উচিত ছিল। এটা আসমানী বিষয়। তা প্রকাশ করতে ভয় করা উচিত নয়। এরপর মির্যা সাহেব তার দাবি স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন-

ہمارا دعوی ہے کہ ہم نبی اور رسول ہیں۔ اصل میں یہ نزاع لفظی ہے۔ خدا تعالی جس کے ساتھ ایسا مکالمہ مخاطبہ کرے کہ جو بلحاظ کمیت وکیفیت دوسروں سے بڑھ کر ہو اور اس میں پیشگو‏‏‏ئیاں بھی کثرت سے ہوں اسے نبی کہتے ہیں اور یہ تعریف ہم پر صادق آتی ہے پس ہم نبی ہیں۔ …

بھلا اگر ہم نبی نہ کہلا‏‏‏‏ئیں تو اس کے لیے اور کونسا امتیازی لفظ ہے جو دوسرے ملہموں سے ممتاز کرے۔ …

ہمارا مذہب تو یہ ہے کہ جس دین میں نبوت کا سلسلہ نہ ہووہ مردہ ہے۔ یہودیوں، عیسائیوں، ہندو‎ؤں کے دین کو جو ہم مردہ کہتے ہیں تو اسی لیے کہ ان میں اب کو‎ئی نبی نہیں ہوتا۔ اگر اسلام کا بھی یہی حال ہوتا تو پھر ہم بھی قصہ گو ٹھہرے۔ کس لیے اس کو دوسرے دینوں سے بڑھ کر کہتے ہیں۔ آخر کوئی امتیاز بھی ہونا چاہئے۔ صرف سچے خوابوں کا آنا تو کافی نہیں کہ یہ تو چوہڑے چماروں کو بھی آجاتے ہیں۔ مکالمہ مخاطبہ الہیہ ہونا چاہئے اور وہ بھی ایسا جس میں پیشگوئیاں ہوں اور بلحاظ کمیت وکیفیت کے بڑھ چڑھ کر ہو۔ ایک مصرعہ سے تو شاعر نہیں ہوسکتے۔ اسی طرح معمولی ایک دو خوابوں یا الہاموں سے کوئی مدعی رسالت ہوتو وہ جھوٹا ہے۔ ہم پر کئی سالوں سے وحی نازل ہورہی ہے اور اللہ تعالی کے کئی نشان اس کے صدق کی گواہی دے چکے ہیں۔ اسی لیے ہم نبی ہیں۔ امرحق کے پہنچانے میں کسی قسم کا اخفا‏‏ء نہ رکھناچاہئے۔

আমার দাবি হচ্ছে আমি নবী এবং রাসূল। মূলত এটা শাব্দিক বিরোধ।৬ খোদা তাআলা যার সাথে এভাবে কথা বার্তা এবং আলোচনা সম্বোধন করেন, যা সংখ্যায় এবং গুণাগুণে অন্যদের তুলনায় অনেক বেশি এবং তাতে ভবিষ্যদ্বাণীও বিপুল পরিমাণে থাকে- তাকে নবী বলে। আর এ সংজ্ঞা আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়। সুতরাং আমি নবী।…

এরপর মির্যা সাহেব বনী ইসরাঈলের নবীগণের প্রসঙ্গ টেনে নিজেকে তাদের সদৃশ উপস্থাপন করে বলেন-

আচ্ছা, আমি যদি নিজেকে নবী না বলি তবে এমন কোন্ স্বতন্ত্র শব্দ রয়েছে, যা অপরাপর ইলহামপ্রাপ্তদের থেকে আমাকে স্বতন্ত্র করবে।

এরপর মির্যা নিজের ধর্মীয় বিশ্বাস উল্লেখ করে বলেন-

আমার মাযহাব তো এই যে, যেই ধর্মে নবুওতের ধারা থাকে না- তা মৃত। ইহুদী, ঈসায়ী এবং হিন্দুদের ধর্মকে যে আমরা মৃত বলি, তা তো এজন্যই যে, সেখানে এখন কেউ নবী হয় না। যদি ইসলামেরও একই অবস্থা হয় তাহলে আমরাও তো কেচ্ছাকার সাব্যস্ত হব। কী জন্য আমরা একে অন্যান্য ধর্ম অপেক্ষা অগ্রসর বলি? কোনো বিশেষ বৈশিষ্ট্য তো থাকতে হবে।৮ কেবল সত্য স্বপ্ন দেখতে থাকা তো যথেষ্ট নয়। এটা তো চামার মেথরদের কাছেও এসে থাকে। আল্লাহর সাথে কথোপকথন এবং আলাপ-সালাপ হওয়া চাই। আর তাও এমন, যাতে ভবিষ্যদ্বাণী থাকবে এবং সংখ্যায় ও গুণাগুণে তা অগ্রসর থাকবে। এক পঙক্তি দিয়ে তো কেউ কবি হয়ে যায় না। তেমনিভাবে মামুলি এক-দুই স্বপ্ন অথবা ইলহামের মাধ্যমে যদি কেউ রাসূল হবার দাবি করে, তাহলে সে মিথ্যাবাদি। আমার উপর কয়েক বছর যাবতই ওহী অবতীর্ণ হচ্ছে এবং আল্লাহ তাআলার কতগুলো নিদর্শন এর সত্যতার সাক্ষ্য দিয়েছে।৯ এজন্যই আমি নবী। সত্য বিষয় প্রকাশ করতে কোনো প্রকারের গোপনীয়তা রাখা উচিত নয়।

-বদর ৫ মার্চ ১৯০৮ ঈ.-এর বরাতে হাকীকতুন নবুওয়াহ, লেখক মির্যা মাহমুদ, আনওয়ারুল উলূম (মির্যা মাহমুদের রচনা সমগ্র) ২/৫৮২, ৫৮৩

আরো দ্রষ্টব্য, হাকীকতুন নবুওয়াহ, আনওয়ারুল উলূম ২/৫২৭; এবং মালফুযাত (মির্যা কাদিয়ানীর বাণী সংকলন) ৫/৪৪৬, ৪৪৭ (পাঁচ খণ্ডে নতুন সংস্করণ); ১০/১২৬, ১২৭ (দশ খণ্ডে পুরাতন সংস্করণ)-এ বিস্তারিত দ্রষ্টব্য। মালফুযাতের টীকায় উল্লেখ করা হয়, এটা ১৯০১ সনের ঘটনা। যে প্রেক্ষিতে মির্যা সাহেব ‘এক গলতি কা এযালা’ নামক পুস্তিকাটি লেখেন। কাদিয়ানীরা ঢাকার বকশী বাজার থেকে ‘একটি ভুল সংশোধন’ নামে যার বাংলা অনুবাদ প্রকাশ করেছে।

মির্যা কাদিয়ানী তার এই বাণীতে স্পষ্ট ভাষায় খতমে নবুওত অস্বীকার করছে এবং পরিষ্কার ভাষায় নবী হবার দাবি করছে। সাথে সাথে এ-ও বলে দিচ্ছে যে, এ ব্যাপারে কোনোরূপ গোপনীয়তার আশ্রয় নেওয়া উচিত নয়।

কিন্তু তবুও কেন যে তার অনুসারীরা তাদের ‘হযরত’-এর কথা অমান্য করে নবুওত দাবির এ বিষয়টি এতভাবে গোপন করতে চায়! এবং তাদের ‘হযরত’ যাকে সত্য বিষয় বলেছেন বিশ্বাসে তা ধারণ করার পরও তা প্রকাশ করতে এতটা সঙ্কোচ করে!!