সকল ইমাম এ বিষয়ে একমত, যিনদীক মুরতাদেরই একটি প্রকার। ইসলামী হুকুমতে মুরতাদের শাস্তি যেমন মৃত্যুদ- তেমনই ইসলামী হুকুমতে যিনদীকের শাস্তিও মৃত্যুদণ্ড।
এখন প্রশ্ন হল, যিনদীক তওবা করলে, তওবার কারণে তার শাস্তি মাফ হবে কি না? এ বিষয়ে আর্দ্দুরুল মুখতার, ফাতাওয়া শামী (রদ্দুল মুহতার) এবং ফিকহের অন্যান্য কিতাবে আছে, যিনদীক নিজে এসে তওবা করলে তওবা গ্রহণ করা হবে এবং ইরতিদাদ বা ধর্মত্যাগের শাস্তি প্রয়োগ করা হবে না। কিন্তু যদি গ্রেফতার হওয়ার পরে তওবা করে, তাহলে শত তওবা করলেও তওবা গ্রহণ করা হবে না; বরং শাস্তি কার্যকর করা হবে।১
অর্থাৎ যিনদীক নিজ থেকে তওবা করলে তো মাফ পেয়ে যাবে। কিন্তু তওবা করার আগেই যদি গ্রেফতার হয়ে যায়, তাহলে তার শাস্তি আর মাফ হবে না। যেমন যিনা বা ব্যাভিচারের শাস্তি তওবা দ্বারা মাফ হয় না। তওবার পরেও শাস্তি কার্যকর করা হয়। অথবা চুরি করলে যেমন হাত কেটে ফেলা হয় এবং তওবার পরেও শাস্তি মাফ হয় না। তেমনই যিনদীক নিজ থেকে তওবা করার আগেই তাকে গ্রেফতার করা হলে তওবা করলেও শাস্তি মাফ হবে না। (তবে এ শাস্তি কে কার্যকর করবে তা ভিন্ন আলোচ্য বিষয়।)