বৃটিশদের তোষণ করতে গিয়ে মির্যা কাদিয়ানী এ মিথ্যারও অবতারণা করেছে, তাকে নাকি এ বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম করা হয়েছে। তার বক্তব্যটি লক্ষ্য করুন-
“সকল মুসলমানের মধ্যে আমিই হলাম ইংরেজ সরকারের প্রথম সারির হিতাকাক্সক্ষী। কেননা তিনটি বিষয়ের কারণে আমি তাদের কল্যাণকামিতার প্রতি উৎসাহিত হয়েছি। এক. আমার মরহুম পিতার প্রভাবে। (তিনিও ইংরেজদের একজন একনিষ্ঠ কল্যাণকামী ছিলেন।) দুই. আমার প্রতি এই সরকারের অনুগ্রহ-অনুকম্পা। তিন. আল্লাহ তাআলার ইলহাম (প্রত্যাদেশ)।” (আল্লাহ তাআলা ইলহামযোগে আমাকে ইংরেজ সরকারের হিতাকাক্সক্ষী হওয়ার ইঙ্গিত করেছেন।) -তিরইয়াকুল কুলূব, রূহানী খাযায়েন ১৫/৪৯১
বৃটিশ সরকারের জন্য আন্তরিক দুআ
মির্যা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পর তাদের জন্য দুআ করেছে এবং তাদের শত্রুদের পরাজয়ের দুআ করেছে। লিখেছে-
“আমরা এই সরকারের এমন এমন অনুগ্রহ দেখেছি, যার কৃতজ্ঞতা আদায় করা অত সহজ নয়। তাই আমরা আমাদের মহামান্য সরকারকে নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা এই সরকারের প্রতি তেমনই আন্তরিক ও কল্যাণকামী, যেমন ছিলেন আমাদের পূর্বসূরীগণ। আমাদের পক্ষে দুআ ছাড়া আর কী-ই বা করার আছে!! সুতরাং আমরা দুআ করছি, আল্লাহ তাআলা সব ধরনের ক্ষতি ও অনিষ্ট থেকে এই সরকারকে রক্ষা করুন। আর তার শত্রুদেরকে অপদস্থ ও পরাজিত করুন।” -শাহাদাতুল কুরআন, রূহানী খাযায়েন ৬/৩৮০